ঐতিহাসিক ফৌজদারি মামলার বিচারে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৫ এপ্রিল তিনি আদালতে হাজির হয়েছিলেন। ট্রাম্পই প্রথম কোনও সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। খবর বিবিসির।
বিচারকাজ পরিচালনায় পূর্ণ ১২ সদস্যের জুরি গঠনের পর ফের সোমবার প্রাথমিক আইনি যুক্তিতর্কের শুনানিতে আদালতে হাজির হন তিনি। আদালতে ঢুকতে ঢুকতেই তিনি তার এই বিচার নিয়ে অভিযোগ করেছেন। বিচারের এই দিনকে ‘আমেরিকার জন্য খুব, খুবই দুঃখের দিন’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প।
শুনানি শুরুর আগে আদালতকক্ষের বাইরে সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প নতুন করে তার বিচারকে ‘খুবই অন্যায়’ এবং নির্বাচনে বাধ সাধার চেষ্টা বলে আখ্যায়িত করেন। আদালতে যাওয়ার আগেও সোমবার সকালে ট্রাম্প ট্রুথ স্যোশালে তার বিচারকে উইচ হান্ট আখ্যা দিয়েছিলেন।
বিবিসি জানায়, ডিস্ট্রিক অ্যাটর্নির কার্যালয় বলেছে, ম্যানহাটনের আদালতে এদিন তাদের প্রাথমিক আইনি যুক্তিতর্ক চলবে প্রায় ৪০ মিনিট। আর ট্রাম্পের অ্যাটর্নিরা যুক্তিকর্ত করবেন প্রায় ২৫ মিনিট।
জুরি নির্বাচন এখন সম্পন্ন হয়ে গেছে। তারা আদালতকক্ষে উপস্থিত হয়েছেন। ট্রাম্পের ভাগ্য এখন ঝুলছে কৌসুলিদের পাশাপাশি অ্যাটর্নিরাসহ বিচারক এবং ১২ জুরির ওপর।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন। ঘুষের এই মামলায় ট্রাম্প দোষী নাকি নির্দোষ- সেটি আগামী কয়েক সপ্তাহে মূল্যায়ন করে দেখার কথা রয়েছে জুরির।
