নেদারল্যান্ডসের জনপ্রিয় অভিনেতা ও মডেল ডনি রোয়েলভিঙ্ক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্থানীয় এক মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের সামনে কালিমায়ে শাহাদাত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন ২৬ বছর বয়সী এই অভিনেতা। পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ডনি রোয়েলভিঙ্ক অনেক দিন ধরে হৃদয়ের প্রশান্তি খুঁজছিলেন। অবশেষে ১৯ এপ্রিল ইসলাম ধর্মের ছায়াতলে নাম লেখালেন তিনি।
ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, ডনি রোয়েলভিঙ্ক একটি মসজিদের ভেতর কালিমায়ে শাহাদাত পাঠ করছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, আমি জানি আপনারা আমাকে অনুসরণ করেন। আপনারা অনেকই হয়তো জানেন, গতকাল আমার জীবনের একটি বিশেষ দিন ছিল। এ ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে।
যে কারণে ইসলামের প্রতি আগ্রহী
২০২২ সালে বন্ধুদের সঙ্গে একটি ফিটনেস ভিডিও শুট করার সময় আহত হয়েছিলেন ডনি রোয়েলভিঙ্ক। দুর্ঘটনায় তার পাঁচটি পাঁজর ভেঙে যায়। এজন্য কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই বছর অভিনেতার অণ্ডকোষে ক্যানসার ধরা পড়ে। দুটি ঘটনায় তিনি একেবারে ভেঙে পড়েন।
পরে ইসলাম ধর্মেই হৃদয়ের প্রশান্তি খুঁজে পান অভিনেতা। এরপরই তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। কয়েক সপ্তাহ ধরে তিনি মসজিদে যান। শিখছেন কোরআন তিলাওয়াতও।
