দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা। সঞ্জয়লীলা বানসালি পরিচালিত পিরিয়ড ড্রামা ‘হীরামন্ডি’তে দেখা যাবে তাকে। এটির প্রচারে এসে অতীতের এক গল্প শেয়ার করলেন অভিনেত্রী। জানালেন ক্যারিয়ার নিয়ে তার আক্ষেপের কথা। যশ চোপড়ার ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমাতে মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজ প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন। নিশা চরিত্রটিতে তাকে প্রস্তাব দেওয়া হলে তিনি সেটি ফিরিয়ে দেন। পরে সে চরিত্রটি কারিশমা কাপুর করেন। মনীষার কথায়, সিনেমায় মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজ করা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি।
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে মনীষা বলেন, ‘আমার নিজের ক্যারিয়ারে একটা দুঃখ রয়েছ। আমার কাছে একটাও সফল যশ চোপড়ার ফিল্ম নেই। আমাকে মাধুরীজি (দীক্ষিত)-র বিপরীতে একটি চরিত্র অফার করা হয়েছিল। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এরপরই পিছিয়ে আসি।’
অভিনেত্রী আরও বলেন, ‘যখন যশজি জীবিত ছিলেন, আমার সময়ের প্রতিটি অভিনেত্রী তার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। কারণ পর্দায় মেয়েদের তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করতেন। আমি যশজির অফিসে গিয়ে তাকে বললাম, ‘স্যার, আপনার ছবির সলো নায়িকা হওয়া আমার স্বপ্ন। আর আপনি আমাকে মাধুরীজির বিপরীতে দাঁড় করাচ্ছেন। আমার বিচার বিবেচনা বোধ থেকে মনে হয়, আমি মিস করেছি।’
