ফের কমল সোনার দাম, দুই দিনে কমেছে ৫২৩৮ টাকা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪১ পিএম

এক দিনের ব্যবধানে দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। ভালো মানের এক ভরি বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ২১০০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১৪ হাজার ১৯০ টাকা। বাজুস জানিয়েছে, আজ বুধবার বিকেল থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

এর আগে গতকাল মঙ্গলবার ভরিতে ৩১৩৮ টাকা কমিয়েছিল বাজুস। এখন আবার কমানোর মাধ্যমে দু'দিনে ভালো মানের সোনার দাম ভরিতে ৫ হাজার ২৩৮ টাকা কমল।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে এক লাখ ৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৩ হাজার ৪২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম কমে ৭৫ হাজার ২০৯ টাকা হয়েছে।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত