এভারটনের কাছে হেরে শিরোপা সম্ভাবনা জলাঞ্জলি লিভারপুলের

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১১:২৮ এএম

ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পর প্রিমিয়ার লিগে নিংড়ে দেওয়ার কথা বলেছিলেন ইয়র্গেন ক্লপ। তবে কাল রাতে এভারটনের কাছে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। যে হারে শিরোপা জয়ের সম্ভাবনায় জলাঞ্জলি 'দি রেডস'দের।

গুডিসন পার্কে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে এভারটন। জ্যারেড ব্র্যান্থওয়েইট দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক ক্যালভার্ট-লুইন। ২০১০ সালের পর ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে এই প্রথম জয়ের স্বাদ পেল এভারটন।

ম্যাচের শুরু থেকে শিরোপাপ্রত্যাশীদের ওপর চাপ ধরে রেখে ২৭তম মিনিটে এগিয়ে যায় এভারটন। একটি ফ্রি কিকের ফলশ্রুতিতে মুহূর্তের ব্যবধানে বক্সের মধ্যে থেকে দুটি শট নেয় তারা, দুটিই রক্ষণে প্রতিহত হয়। তৃতীয় প্রচেষ্টায় ব্র্যান্থওয়েইটের নিচু শটও ঝাঁপিয়ে প্রায় ঠেকিয়েই দিয়েছিলেন আলিসন, তবে বল তার শরীরের নিচ দিয়ে গড়াতে গড়াতে পোস্টের ভিতরে দিকে লেগে কোনোমতে গোললাইন পেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের প্রথম কয়েক মিনিটে দেখা যায় লিভারপুলের মরিয়া ভাব। তবে উজ্জীবিত এভারটন পাল্টা চাপ দিতে দেরি করেনি। অল্প সময়ের মধ্যে দ্বিতীয় গোলও পেয়ে যায় তারা।

৫৭তম মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ম্যাকনিলের দূর থেকে নেওয়া বুলেট গতির শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান আলিসন। ওই কর্নার থেকেই দূরের পোস্টে বল পেয়ে হেডে গোলটি করেন ক্যালভার্ট-লুইন। তার পেছনেই ছিলেন ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, কিন্তু তিনি কেবল দাঁড়িয়েই ছিলেন।

ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া মৌসুমে লিগে এবছর এই প্রথম টানা দুটি জয় পেল এভারটন। তাতে অবনমনের শঙ্কা এড়ানোর লড়াইয়ে নিজেদের অবস্থান আরেকটু শক্ত করল তারা।

এই নিয়ে সবশেষ চার ম্যাচে তৃতীয়বার হোঁচট খেল লিভারপুল, এর মধ্যে দুটিতেই হার। সুযোগ হারাল পয়েন্টের হিসাবে আর্সেনালের পাশে বসার।

৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।

৩৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বর এভারটন। তাদের চেয়ে ৮ পয়েন্ট কম নিয়ে ১৮ নম্বরে লুটন টাউন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত