কুষ্টিয়ার খোকসা উপজেলার বন বিভাগের গেটের পিলার ও গেট ভেঙে পড়ে জুবায়ের আহম্মেদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের ক্যাম্পাসে বন বিভাগের অফিসের গেটের পিলার ও গেট শিশুটির গায়ের ওপর ভেঙে পড়ে। আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। ঘুড়ি ওড়ানোয় ব্যস্ত অপর শিশুরা অল্পের জন্য রক্ষা পেয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় অন্যান্য বন্ধুদের সাথে খেলা করছিল শিশু জুবায়ের ও সময় উপজেলা বন বিভাগের গেটের দেওয়াল ভেঙে চাপা পড়ে তার মৃত্যু হয়। নিহত জুবায়ের পৌরসভার ২ নং ওয়ার্ডের মাঠপাড়া গ্রামের ব্যবসায়ী উজ্জলের ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে খোকসা থানার অফিসার ইনচার্জ আননুন যায়েদ বলেন, খেলা করার সময় খোকসা বন বিভাগের গেটের পাশের দেয়াল ভেঙে জুবায়ের (৪) নামের এক শিশু নিহত হয়েছে। শিশুটির পরিবার থানায় এসেছে তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত জুবায়ের দাদা কালাম বিশ্বাস জানান, আমার নাতি চঞ্চল প্রকৃতি ছিল ছেলেটি প্রতিদিনের ন্যায় আজও খেলা করছিল অন্যান্য বন্ধুদের সাথে। এ সময় উপজেলা বন বিভাগের দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলে মারা গেছে।
উপজেলা বন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এক বছরের আগে কুষ্টিয়ার ঠিকাদার গেট নির্মাণ করেছে। পিলারে মধ্যে রড আছে কি, নাই সেটা তার দেখার বিষয় না। তিনি প্রতিদিন নিয়মিত অফিস করেন। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত তিনি অফিস করেছেন।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, ‘আসলে এটি একটি দুর্ঘটনা। তার নিজের বাচ্চাও উপজেলা কমপ্লেক্সের মধ্যে খেলাধুলা করে। তার সন্তানও দুর্ঘটনার শিকার হতে পারতো। আসলে গেটটি নির্মাণ ক্রুটি থাকতে পারে। তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছিলেন, ঠিকাদার গেটের পিলার এমনভাবে তৈরি করেছেন, মনে হচ্ছে গেটের পিলার দুটি মাটির ওপরে বসিয়ে রাখা হয়েছে। নাড়ালেই নড়ছে। বন কর্মকর্তার কোনো গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
