রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা একইদিন পরিচিতি সভা ডেকেছিল রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। তবে একদিন আগে আজ শুক্রবার পূর্ব নির্ধারিত সভা স্থগিত করেছেন রওশন অনুসারীরা। একইদিনে সভা আহ্বান করায় গত কয়েকদিন ধরে উভয় গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে উভয় গ্রুপ প্রশাসনের দ্বারস্থও হয়েছিল।
এমন অবস্থায় শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে শনিবারের সভা স্থগিত করার ঘোষণা দেন রওশন পন্থীদের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, এই তীব্র তাপপ্রবাহে জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক সভা-সমাবেশ করা তামাশার শামিল। তাই শনিবারের পরিচিতি সভা স্থগিত করে শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ১০টি স্থানে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে আমরা পানি ও খাবার স্যালাইন বিতরণ করব।
তবে জি এম কাদের অনুসারীরা জানিয়েছেন নির্ধারিত সময়ে তাদের সভা অনুষ্ঠিত হবে। শনিবার বেলা ১০টায় তাদের সভা উদ্বোধন করবেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু সভায় সঞ্চালনা করবেন এবং এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
এদিকে শুক্রবারের সংবাদ সম্মেলনে কাজী ফিরোজ রশীদ বলেন, জনদুর্ভোগ এবং কষ্টের সময় রাজনীতি চলে না। জনগণের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি। তাই তাদের পাশে দাঁড়ানোই আমাদের প্রথম কাজ। আমরা পাঁচ দিনব্যাপী প্রতিদিন দশটি স্পটে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ ভ্রাম্যমাণ ও অসহায় রিকশাচালক এবং দিনমজুরদের পানি ও খাবার স্যালাইন বিতরণ করব।
জি এম কাদের অনুসারীদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একমাত্র বন্দনা করে সংসদে ঢোকা ও নিজের কিছু আখের গোছানো ছাড়া কোনো কাজ নেই। অনেক ছোট দলের কথাও গুরুত্ব সহকারে গণমাধ্যমে ছাপানো হয়। কারণ তাদের রাজনীতি আছে। আগে জাতীয় পার্টিকে বলা হতো গৃহপালিত বিরোধী দল। আর এখন বলা হয় কৃতদাস। এ পার্টির ভবিষ্যৎ অন্ধকার। জাতীয় পার্টির ওপর মানুষের আস্থা নেই। তারপরও আমরা চেষ্টা করছি এ পার্টিকে কীভাবে গুছিয়ে রাখা যায়।
কাজী ফিরোজ বলেন, অর্থনৈতিক ও ব্যাংক খাতে বিপর্যয় নেমে এসেছে। বড়বড় ব্যাংক ছোট ছোট ব্যাংক গিলে খাচ্ছে। বড় বড় কোম্পানিগুলোতে অভ্যন্তরীণ কোন্দল লাগিয়ে তা গিলে খাওয়া হচ্ছে। এসব বিষয়ে আজ সংসদে কথা হচ্ছে না। আগামীতে দুটি মার্কা ছাড়া অন্য মার্কা খুঁজে পাওয়া যাবে না। আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননও নিজেদের মার্কা বাদ দিয়ে নৌকায় উঠেছেন। তারপরও অনেককে ডুবে যেতে হয়েছে। নির্বাচন এখন নির্বাচনে নেই। একটি দলের মধ্যেই নির্বাচন হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব কাজী মামুনুর রশীদ, কো-চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন এবং সুনীল শুভ রায়। এসময় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নূরু, জাহাঙ্গীর আলম পাঠান, শফিকুল ইসলাম, মনিরুজ্জামান টিটু, জামাল রানা, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, শেখ মাসুক রহমান, সারফুদ্দিন আহমেদ শিপু, দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ।
