পাকিস্তানের প্রেক্ষাগৃহে ‘জ্বীন-২’

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১২:৫৬ এএম

দেশের পর এবার পাকিস্তানে মুক্তি পেল বাংলাদেশের সিনেমা। লাহোর, করাচি, ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঈদের সিনেমা ‘মোনা : জ্বীন-২’। এমনটা নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। তারা জানায়, মাল্টিপ্লেক্সসহ সেখানকার ২৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রতিদিন ৮২টি শো চলবে। জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘আমার এম আর নাইন সিনেমাটির প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে ছবিটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। শুক্রবার থেকে ইংরেজি সাবটাইটেলে ছবিটির প্রদর্শন হচ্ছে।’ তিনি বলেন, ‘এখন তো ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আমাদের ছবি মুক্তি পাচ্ছে। পাকিস্তানেও আমাদের ছবির একটা বাজার হতে পারে। কারণ, বিশ^বাজারকে না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা।’ ‘ছবিটির গল্প এমন, ওখানকার দর্শকের কাছে ভালো লাগবে। গত ঈদের আগে আগে সেন্সরের জন্য ওখানে ছবিটি পাঠিয়েছিলাম। যাদের মাধ্যমে আমি ছবিটি ওখানে পাঠিয়েছি, তাদের কাছ থেকে শুনেছি যে, পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরাও ছবিটি পছন্দ করেছেন। এ কারণেই মনে হচ্ছে ছবিটি পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে।’ যোগ করেন এই প্রযোজক। ‘মোনা : জ্বীন-২’ সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত