নাগরিক অধিকার কর্মী ও প্রয়াত সাংবাদিক আসফ-উদ-দৌলা রেজার কন্যা সাধনা মহল, সাংবাদিক ইসমাইল আহসান, মানবাধিকার কর্মী ও গবেষক রেজাউর রহমান লেনিন এবং মানবাধিকার কর্মী আইনজীবী রওশন আরা লিনার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। অন্যদিকে ফ্রান্স প্রবাসী অধিকারকর্মী ও লেখক পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক নেতা মফিজুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এ সকল ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক।
এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, ‘সদ্য বিলুপ্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং এর উত্তরসূরি সাইবার সিকিউরিটি অ্যাক্ট দুটি-ই মানুষের মত প্রকাশের অধিকারের বিরুদ্ধে সরকার ও ক্ষমতাবানদের জুলুমের হাতিয়ার। এই আইনগুলো এবং এমন আরও কিছু আইন নাগরিকের মতপ্রকাশের সুরক্ষা ও স্বাধীনতা ও অন্যান্য নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ এবং নাগরিকের রাজনৈতিক কর্মকাণ্ডকে অপরাধীকরণ করেছে। জুলুমের এমন মোক্ষম হাতিয়ারকে স্বাভাবিকভাবেই ক্ষমতাবানরা ব্যক্তিগত ও পারিবারিক জুলুম, নিপীড়নের অস্ত্র হিসেবেও ব্যবহার করা শুরু করে দিয়েছে। এমন নজির সামনের দিনে ক্ষমতাবানদের পারিবারিক ও ব্যক্তিগত জুলুম, নিপীড়ন, নির্যাতনে আরও বেশি উৎসাহিত করবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পূর্ববর্তী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, অধুনা বিলুপ্ত ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাম্প্রতিক প্রবর্তিত সাইবার নিরাপত্তা আইন এর বলি মুশতাক আহমেদের হত্যাকাণ্ডসহ সকল নিপীড়নের অবিলম্বে স্বাধীন তদন্ত, স্বচ্ছ বিচার এবং যথাযথ ক্ষতিপূরণ দাবি করছে ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক। একই সাথে একনায়কতান্ত্রিক সরকার কর্তৃক জনগণের মানবাধিকার এবং স্বাধীন মতপ্রকাশ রহিত করার অভিপ্রায়ে যেকোনো নিপীড়নমূলক আইন প্রণয়ন এবং সেই আইনের প্রয়োগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক।’
