লোকসভা নির্বাচনে মোদির প্রতিপক্ষ কমেডিয়ান

  • বারাণসী থেকে মোদির বিরুদ্ধে প্রার্থী হওয়ার কথা নিজেই ঘোষণা করেছেন শ্যাম রঙ্গিলা
  • লোকসভা নির্বাচনে স্বতন্ত্র পদে লড়বেন বলে জানিয়েছেন এই কমেডিয়ান
আপডেট : ০২ মে ২০২৪, ০১:৫৫ পিএম

এক সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠস্বরকে নকল করেই জনপ্রিয়তা পেয়েছিলেন কমেডিয়ান শ্যাম রঙ্গিলা। হুবহু মোদীর গলায় সকলকে তাক লাগিয়ে টেলিভিশন শোতে তুমুল জনপ্রিয় হন তিনি।

তবে এবারের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন কমেডিয়ান রঙ্গিলা। কমেডির জগত থেকে রাজনৈতিক ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রাজস্থানের ২৯ বছর বয়সী এই কমেডিয়ানের।

চলতি বছরের ভারতীয় লোকসভা নির্বাচনে মোদির আসন বারাণসী থেকে মোদির বিরুদ্ধেই লড়াই করার কথা জানিয়েছেন শ্যাম রঙ্গিলা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নির্বাচনে স্বতন্ত্র পদে লড়বেন রঙ্গিলা। মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতেও একেবারে অকুতভয় এই শিল্পী। লোকসভা নির্বাচনে বারাণসী থেকে প্রার্থী হওয়ার কথা নিজে মুখেই ঘোষণা করেছেন তিনি।

সংবাদমাধ্যমকে জানান, দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে কোনো কিছু প্রমাণের তাগিদ নেই তাঁর। নিজের শতভাগ দিয়ে লড়বেন। এই সপ্তাহান্তেই বারাণসী গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন শ্যাম।

তিনি জানান, ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত ছিলেন। প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়ে একাধিক ভিডিও পোস্ট করতেন তিনি। কিন্তু বিগত ১০ বছরে পরিস্থিতির অনেক বদল হয়েছে। আর তাই লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোদির বিরুদ্ধে লড়বেন তিনি।

ইউটিউবে মোদিকে মিমিক্রি করে প্রায়ই ভিডিও আপলোড করেন শ্যাম। মূল্যবৃদ্ধিসহ একাধিক ইস্যুতে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করায় তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। বারাণসীতে মোদিকে চ্যালেঞ্জ করতে গেলে শ্যামের ওপরও না নতুন আইনি ঝামেলা আসে, এমন আশঙ্কা করছেন অনুসারীরা

১৯৯৪ সালে রাজস্থানের হনুমানগড় জেলার মানাকথেরি বারানি গ্রামে জন্মগ্রহণ করেন কমেডিয়ান শ্যাম রঙ্গিলা। ইউটিউবে নানারকম কমেডি ভিডিও রয়েছে তারা। মোদির পাশাপাশি সাবেক কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও নকল করেছেন তিনি।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত