তিন সপ্তাহ পর মুক্তি পাচ্ছে ঈদের দুই সিনেমা

আপডেট : ০২ মে ২০২৪, ০৪:৩৩ পিএম

গেল ঈদে মুক্তির মিছিলে জমা পড়ে প্রায় ১৬/১৭টি সিনেমা, যা নিয়ে চিত্রপাড়া কিংবা হল পরিচালকদের মধ্যে শুরু হয় হৈচৈ ও দুটানা। পর্যাপ্ত হল না থাকায় শেষ পর্যন্ত কিছু সিনেমা পিছিয়ে মুক্তি পায় ১১টি সিনেমা। সেটাও রীতিমতো রেকর্ড। এর আগে দেশে একসঙ্গে এত সিনেমা কখনও মুক্তি পায়নি। 

এরমধ্যে ঈদের পর কেটে গেছে তিন সপ্তাহ। এই সময়ের মধ্যে নতুন কোনো দেশি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। অবশেষে ঈদের চতুর্থ সপ্তাহে আগামীকাল মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা। একটি বদরুল আনাম সৌদ পরিচালিত ‌‘শ্যামা কাব্য’। অন্যটি মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’।

শ্যামা কাব্য গত বছরের নভেম্বরে মুক্তির কথা থাকলেও হরতাল-অবরোধের কারণে সে তারিখ পেছানো হয়। এরপর গেল রোজার ঈদেও সিনেমাটি মুক্তির তালিকায় জায়গায় করে নেয়। কিন্তু সেসময় আবার পিছিয়ে এবার এটি প্রেক্ষাগৃহে আসছে। ঢাকার সিনেপ্লেক্সসহ দেশের ১২টির মতো হলে দেখা যাবে ছবিটি।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমি যে গল্পটা বলতে চেয়েছি সেটা এ রকম একটা গল্প। মাথায় সে সময় সাইকোলজিক্যাল গল্প ঘুরছিল তাই এ সিনেমাটি নির্মাণ করে ফেললাম। এ গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল। এবার বড়পর্দায় দর্শকের দেখার জন্য দেওয়া হলো। হলে এসে সিনেমা দেখেন। মন্দ লাগলে মন্দ বলেন, সেটাও মাথা পেতে মেনে নেব।’

তিনি আরও বলেন, ‘অভিনয়শিল্পীদের নিয়ে এ সিনেমায় কাজের অভিজ্ঞতা খুবই ভালো। শিল্পীরা অসাধারণ ছিলেন। শুধু শিল্পী না, সিনেমার যত কলাকুশলী আছেন সবাই শতভাগ ইফোর্ট দিয়েছেন।’

সরকারি অনুদানে নির্মিত  ‘শ্যামা কাব্য’ পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সৌদ। এ ছাড়া স্ত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করেছেন। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। শ্যামা কাব্যে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ।

এদিকে গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেডবডি সিনেমা। আগামীকাল সিনেমাটি দেশের ৪০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দেখা যাবে রাজধানীর প্রায় সব কটি সিনেপ্লেক্সেও।

সিনেমার মুক্তি সামনে রেখে জমজমাট প্রচার চালিয়েছেন পরিচালক। মোহাম্মদ ইকবাল বলেন, ‘ভৌতিক গল্পে ছবিটি বানিয়েছি। হরর-অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে প্রেমের দিকও রয়েছে। এতে শিল্পীরা দারুণ অভিনয় করেছেন। ছবির গানগুলো নিয়েও সাড়া পাচ্ছি। তবে এর ভিএফএক্স দর্শককে মুগ্ধ করবে বলে আমি প্রত্যাশা করছি।’

‘ডেডবডি’ সিনেমাতে জিয়াউল রোশানের বিপরীতে রয়েছেন ভারতীয় মডেল অন্বেষা রায়। এ সিনেমার মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় তারকা ওমর সানি। এছাড়া আরও রয়েছেন শ্যামল মাওলা। প্রথমবারের মতো এমন বাণিজ্যিক ঘরানার ছবিতে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত