জাতিসংঘ

গাজার বিধ্বস্ত বাড়িঘর পুনর্নির্মাণে ৮০ বছর সময় লাগবে

আপডেট : ০২ মে ২০২৪, ০৫:৪৪ পিএম

প্রায় সাত মাস ধরে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ভূখণ্ডটির বিধ্বস্ত বাড়িঘর পুনর্নির্মাণে প্রায় ৮০ বছর সময় লাগতে পারে। বৃহস্পতিবার (২ মে) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় সম্পূর্ণ ধ্বংস হওয়া আবাসনগুলো পুনরুদ্ধার করতে প্রায় ৮০ বছর সময় প্রয়োজন। তবে ২০২১ সালের সর্বশেষ সংকটের তুলনায় পাঁচগুণ দ্রুত নির্মাণসামগ্রী সরবরাহ করা হলে ২০৪০ সালের মধ্যে এটি পুনরুদ্ধার করা যেতে পারে।

ইউএনডিপির মূল্যায়নে বর্তমান সংঘাতের সময়কালের ওপর ভিত্তি করে যুদ্ধের আর্থ-সামাজিক প্রভাব সম্পর্কে একাধিক অনুমান করা হয়েছে। ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার এক বিবৃতিতে বলেন, এত অল্প সময়ে নজিরবিহীন মানবিক ক্ষতি, মূলধন ধ্বংস এবং দারিদ্র্যের ব্যাপক বৃদ্ধি একটি গুরুতর উন্নয়ন সংকটের সূচনা করবে। এতে বিপন্ন হবে আগামী প্রজন্মের ভবিষ্যত।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার পর শুরু হওয়া সংঘাতে গাজায় প্রায় ৮০ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এছাড়াও ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৩৪ হাজার ৫৯৬ জন ফিলিস্তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত