প্রতারণার মাধ্যমে ভোক্তাদের ওজনে কম দিয়ে সরকারি ওএমএসের চাল আত্মসাতের দায়ে ডিলার রাজিব মৃধার বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) বিকেলে মোংলা থানায় এই মামলা দায়ের করেন মোংলা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সিদ্দিকী। মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, প্রতারণার মাধ্যমে ভোক্তাদের ওজনে কম দিয়ে সরকারি ওএমএসের চাল আত্মসাত করেন উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ডিলার ও বরইতলা গ্রামের মো. আসাদুল মৃধার ছেলে রাজিব মৃধা। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় এজাহার নিয়ে আসেন উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী। পরে তার বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়।
মামলার বাদী মোংলা উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ডিলার রাজিব মৃধা গত মাসের ২৪ এপ্রিল সকাল থেকে সুন্দরবন ইউনিয়নের বরইতলা গ্রামে অসহায় সুবিধাভোগীদের ৩০ কেজির জায়গায় তিন থেকে চার কেজি করে চাল কম দেন। পরে খবর সেখানে হাজির হন মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না। জব্দ করেন ওজনে কম দেওয়া ১৫/২০ বস্তা সরকারি চাল। তবে এ সময় ডিলার রাজিব মৃধা পালিয়ে গেলে তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
পরে সরকারের খোলাবাজারে ওএমএস চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চাল আত্মসাতের প্রমাণ পাওয়ায় ডিলার রাজিব মৃধার বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেন উপজেলা প্রশাসন। এরপর তার বিরুদ্ধে বৃহস্পতিবার (২ মে) বিকেলে এ মামলা দায়ের করা হয়েছে।
গরমে চাহিদা বেড়েছে পাথর আলীর চাচার কুলফি