তীব্র গরমের মধ্যে বন্যার শঙ্কা

আপডেট : ০৩ মে ২০২৪, ১০:২৬ পিএম

দেশের চলমান দাবদাহের মধ্যে এবার সিলেটে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। সিলেটের ওপর দিয়ে প্রবাহিত সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। এই পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফসল তোলার এই সময়ে বন্যার শঙ্কায় উদ্বিগ্ন স্থানীয় কৃষকরা।

সিলেটে বৃষ্টিপাত বাড়ছে। বৃহস্পতিবার সিলেটের সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ৫৩ মিলিমিটার। এছাড়াও সিলেটের পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়ও বৃষ্টি বাড়ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে এই দুই জেলায় বন্যা হতে পারে। 

বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় কাঁচা-পাকা ধান কাটছেন কৃষকরা। এতে ফসলের পরিমাণ কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন তারা। বিভিন্ন এলাকার কৃষকরা বৃষ্টির পরিমাণ বৃদ্ধি ও নদীর পানি বাড়ার প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন। সেইসাথে আগাম ফসল কাটার প্রস্তূতিয় নিয়ে রেখেছেন তারা।   

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আজ শুক্রবার সকাল সকালে সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার মাত্র ১১ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা ও নিম্নাঞ্চল প্ল্যাবিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। একইভাবে এদিন কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জ উপজেলার অমলসিদ পয়েন্টে বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সারিগোয়াইন নদীর পানি আকস্মিক বিপৎসীমা অতিক্রম করায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এরপর থেকে জেলাজুড়ে বন্যার আশঙ্কা দেখা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত