১৮ মাস পর জাতীয় দলে ফিরেই মোহাম্মদ সাইফউদ্দিনের বাজিমাত। জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে দারুণ বোলিংয়ে ১৫ রানে নেন ৩ উইকেট।
চার উইকেট পেতে পারতেন কিন্তু জিম্বাবুয়ের ইনিংসের শেষ ওভারে ওয়েলিংটন মাসাকাদজাকে আউট করলেও নো বলে বেঁচে যান তিনি। তাতে সাইফউদ্দিনকে ৩ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। পরের বলে অবশ্য রান আউট হন মাসাকাদজা।
ম্যাচ শেষে সাইফউদ্দিন বলেন, 'প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক মাঠে ফিরলাম। আমার জন্য বিষয়টা কঠিন ছিল। যদি আমি বিশ্বকাপের দলে সুযোগ পেতে চাই আমার জন্য এই পারফরম্যান্সের বিকল্প নেই। এর আগে ২০২১-২২ (২০২২) বিশ্বকাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এজন্য অনেক সিরিয়াস ছিলাম। চাচ্ছিলাম পারফর্ম করতে।'
বল হাতে দুর্দান্ত পারফর্ম করা সাইফউদ্দিনের ব্যাটিং করতে না পারা নিয়ে আক্ষেপ নেই। দল জিতেছে তাতেই খুশি তিনি। 'আমাদের মেইন ব্যাটাররাও অনেকে আজকে সুযোগ পায়নি। আমি তো লোয়ার অর্ডারে, অনেক দেরি। ৮-৯ এ ব্যাট করতাম। আমি চাই না আসলে ব্যাটিংটা পাই। কারণ দল জিতলেই আমি খুশি। যদি দলের জয়ে অবদান রাখতে পারি যদি সুযোগ আসে চেষ্টা করব। অনুশীলনে চেষ্টা করব ব্যাটিং নিয়ে কাজ করার।'
১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ২৫ মে পর্যন্ত বিশ্বকাপের দলে পরিবর্তন আনা যাবে।
