গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) বিকেল পৌঁনে চারটার দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আল আমিন (১৯) গাজীপুর মহানগরের চান্দনা এলাকার বাসিন্দা ইখতিয়ার আলীর ছেলে। আল আমিন স্থানীয় চান্দনা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
নিহতের ভগ্নিপতি ইকবাল হোসেন জানান, শনিবার দুপুরে আল আমিন ছোট ভাইসহ চারজন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বেড়াতে যায়। ৪-৫ জন ছিনতাইকারী প্রথমে তাদের নাম পরিচয় জানতে চায়। এরপর তার সঙ্গে থাকা জিনিসপত্র তাদের দিয়ে দিতে বলে। এক পর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আল আমিন তাদের বাধা দিলে তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে তার সঙ্গে থাকা নিহতের খালাতো ভাই শাকিল আহমেদের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ধান গবেষণা ইনস্টিটিউটের সীমানা প্রাচীর টপকে অভিযুক্তরা পালিয়ে যায়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
