রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২৪, ০৫:৪১ পিএম

কক্সবাজারের রামুতে পাহাড়ি ছড়ায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেইন্দা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার ফজল আহমদের ছেলে আব্দুর শুক্কুর (১২) ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন খোকা (১০)।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাফর আলম বলেন, রবিবার (৫ মে) রাতে দক্ষিণ মিঠাছড়িসহ বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এতে শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া পাহাড়ি ছড়ার বিভিন্নস্থানে সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমে ছিল। সোমবার সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার পাহাড়ি ছড়ায় গর্তে জমে থাকা পানিতে স্থানীয় ছয় থেকে সাতজন শিশু গোসল করতে নামে। এক পর্যায়ে চার শিশু ছড়ার পানিতে ডুবে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত