চার গোল হজমের পর টেন হাগ বললেন 'অনেক সমস্যা' আছে

ক্রিস্টাল প্যালেস ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে

আপডেট : ০৭ মে ২০২৪, ১০:২২ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে ক্রিস্টাল প্যালেস ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এবারের লিগে এটি ম্যানইউয়ের ১৩তম হার!

পয়েন্ট টেবিলের আট নম্বরে নেমে গেছে এরিক টেন হাগের দল। ইপিএলের পাঁচ নম্বর দল ইউরোপা লিগে খেলে। বাকি আছে আর তিন ম্যাচ। পাঁচে থাকা টটেনহ্যামের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৬। বলতে গেলে ইউরোপা লিগে খেলার আশাও শেষ।

চার গোলে হারের পর টেন হাগ সংবাদ সম্মেলনে এসে বললেন, অনেক সমস্যা আছে। 'পুরো মৌসুম জুড়েই আমাদের অনেক সমস্যা ছিল। চলতি বছরে (২০২৪) এটি আমাদের চতুর্থ হার। তাই বলতেই হবে আমাদের অনেক সমস্যা আছে।'

গুঞ্জন আছে ছাটাই হতে পারেন টেন হাগ। তবে নিজের ভবিষ্যত নয় দল নিয়ে ভাবছেন টেন হাগ। তিনি বলেন, 'আমি এটি (নিজের ভবিষ্যত) নিয়ে ভাবি না। আমি দলকে যতটা সম্ভব প্রস্তুত করি খেলার জন্য। আমাদের অনেক সমস্যা আছে তবে মূল লক্ষ্য থাকে দল কিভাবে ভালো পারফরম্যান্স করবে।'

দলের এমন হারে নির্দিষ্ট কোন খেলোয়াড়কে দোষ দিতে চান না টেন হাগ। তার মতে এটি দলগত খারাপ পারফরম্যান্সের ফল।

ক্রিস্টালের প্রথম গোলটি করেন মাইকেল ওলিসে। ম্যানইউয়ের পাঁচজন খেলোয়াড় বক্সে থাকতে গোলটি হয়। টেন হাগ বলেন, 'পাঁচজন খেলোয়াড় ছিল প্রথম গোলটি কোনভাবেই মেনে নেওয়া যায় না। কিভাবে ডিফেন্স করতে হবে তা জানা থাকলেও মাঠে তারা সেটির প্রতিফলন দেখায়নি। খারাপ ডিফেন্ডিং ছিল।'

ম্যানইউয়ের পরের ম্যাচ আগামী রবিবার আর্সেনালের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত