বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় সিরিজ জেতা নিশ্চিত করেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে জিম্বাবুয়ের ইনিংস থেমেছে ৯ উইকেটে ১৫৬ রানে। বাংলাদেশ ম্যাচ জিতেছে ৯ রানের ব্যবধানে।
তাওহীদ হৃদয়ের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি ও ক্যারিয়ার সেরা ইনিংসের দিনে বাংলাদেশ সংগ্রহ দাঁড় করায় ৫ উইকেটে ১৬৫ রানের। জবাবে ৯১ রানে জিম্বাবুয়ের ৮ উইকেট তুলে নিয়ে ম্যাচ জিতেই গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ৫৪ রানে জুটি গড়েছিলেন ফারাজ আকরাম ও ওয়েলিংটন মাসাকাদজা। তবে তা যথেষ্ট হয়নি।
বাংলাদেশের বোলাররা জিম্বাবুয়ের উইকেটও নিয়েছেন মিলেমিশে। প্রত্যেকেই পেয়েছেন উইকেটের স্বাদ। এমনকি এক ওভার হাত ঘুরিয়ে এক রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বোচ্চ ৩টি শিকার ধরেছে সাইফউদ্দিন। ২টি রিশাদ। রিয়াদের সঙ্গে তানভির, তাসকিন ও তানজিম পেয়েছেন ১টি করে।
৫ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পরের দুই ম্যাচ ঢাকার মিরপুরে, ১০ ও ১২ মে।
