অবন্তিকার মৃত্যুকাণ্ডে জামিনে মুক্ত শিক্ষক দ্বীন ইসলাম

আপডেট : ০৮ মে ২০২৪, ০৯:৩৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। 

বুধবার (৮ মে) বিকেলে কুমিল্লা কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।

ওসি মো. ফিরোজ হোসেন বলেন, ‘হাইকোর্টের নির্দেশে আজ বুধবার দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। দুপুরের পর আমরা কোর্টের অর্ডারটি হাতে পাই। এরপরই তাঁকে কারাগার থেকে জামিনে মুক্তি দেয়া হয়।’

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্র থেকে জানা গেছে, হাইকোর্টের নির্দেশে বুধবার দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। হাইকোর্ট জামিন আদেশ কবে দিয়েছেন এ বিষয়ে কিছু না জানালেও বুধবার দুপুরে হাইকোর্টের জামিন আদেশ কারাগারে পৌঁছে। এরপরই তাকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। কুমিল্লা কারাগার থেকে বের হয়ে পূর্বে থেকে অপেক্ষায় থাকা একটি সাদা রঙ্গের জিপে করে কুমিল্লা ত্যাগ করেন দ্বীন ইসলাম। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

গত ১৫ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী ফাইরুজ অবন্তিকা। ওই পোস্টে তিনি তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করেন। পরদিন আম্মান সিদ্দিকী এবং দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত