সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ জিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ৮৮ মিনিটে সমতা ফেরানোর পর যোগ করা সময়ের শুরুতেই দলকে এগিয়ে দেন হোসেলু। ম্যাচে যোগকরা সময় ছিল ৯ মিনিট তবে এরপর নানা কারণে তা গিয়ে ঠেকে ১৫ মিনিটে।
যোগ করা সময়ের ১৩ মিনিটের খেলা চলছিল। এমন সময়ে রিয়ালের জালে বল জড়ান বায়ার্ন সেন্টারব্যাক ম্যাথিয়াস ডি লিখট। তবে বল জালে জড়ানোর আগেই লাইনসম্যান অফসাইডের পতাকা তোলেন।
রেফারির সেই সিদ্ধান্ত নিয়ে চলছে বিতর্ক। মাঠে প্রতিবাদ জানিয়েছিলেন বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেলসহ ক্লাবটির খেলোয়াড়েরা।
ম্যাচ শেষেও ছিল এর রেশ, রেফারি সাইমন মারচিনিয়াককে ধুয়ে দিয়েছেন টুখেল।
প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল। বুধবার রাতে রিয়াল জেতে ২-১ গোলে অর্থাৎ ডি লিখটের গোল বাতিল না হলে খেলা অতিরিক্ত সময়ে গড়াতো।
ম্যাচের পর তাৎক্ষণিকভাবে টুখেল একটি টিভি চ্যানেলে বলেন, ‘সর্বনাশ করা সিদ্ধান্ত নিয়েছেন লাইনসম্যান ও রেফারি। এই সিদ্ধান্তের কারণে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি বলে মনে হচ্ছে। দারুণ লড়াই হয়েছে, আমরা মাঠে সবটুকু দিয়েছি। কিন্তু এখন রিয়াল মাদ্রিদকে শুভকামনা জানাতে হচ্ছে।’
এরপর সংবাদ সম্মেলনেও ক্ষোভ ঝাড়েন টুখেল, ‘দুঃখ প্রকাশ করে এখন কোনো লাভ নেই। সবার সর্বোচ্চটা দিতে হয়েছে, কোনো ভুল ছাড়াই খেলতে হয়েছে সবাইকে। রেফারিকেও সেই মানের হতে হবে। ঘটনা ঘটে যাওয়ার পর অজুহাত দিয়ে কোনো লাভ নেই। আপনি সেরা বলেই মাঠে। শেষ পর্যন্ত মাঠে আপনার কাছে সেরাটা প্রত্যাশা করা আমাদের অধিকার।’
