বগুড়ার আদমদীঘিতে পুকুর নিয়ে বিরোধের জের ধরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১৬ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ মে) রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মিতইল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শ্রী তপন কুমার সরকার দুজনের নাম উল্লেখ্য করে থানায় অভিযোগ দিয়েছেন।
তপন কুমার সরকার বলেন, আজ (৯ মে) সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখি। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও পুকুরের পাড়ে বিষ পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ১৬ লাখ টাকার ক্ষয় হয়েছে।
তিনি আরও বলেন, আমার এই পুকুরটি পরিধি প্রায় ১ বিঘা এর মধ্যে প্রায় ৮০ শতাংশ পুকুর আমার নিজস্ব। বাকি পুকুর অন্য শরিকের হওয়াই আমি তাদের কাছে থেকে লিজ নিয়ে মাচ চাষ করছি। তবে বাকি শরিকার মধ্যে থেকে কিছু অংশ জাহাঙ্গীর ও রবিউলের কাছে লিজ দেয়। তারা দুজন আমাকে ফোনে বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকে। গত ৬-৭ দিন আগে তারা আমাকে ফোন দিয়ে পুকুরের মাছ তুলে নিতে বলে, না হলে বিষ দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। আমার ধারণা তারাই আমার পুকুরে বিষ দিয়েছে। এ ঘটনায় আমি তাদের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
