মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ষ্টিল অ্যান্ড রি-রোলিং কারখানার নিরাপত্তা কর্মীর হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার সুরুদিয়া গ্রামের লিজেন্ড ষ্টিল অ্যান্ড রি-রোলিং কারখানায় এ ঘটনা ঘটেছে। নিহত ওই ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস (৫৫)।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডে বলে ধারণা করা হচ্ছে। কারখানার ভেতর একটি চেয়ারের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
