আল হিলালের শিরোপা জয়ের উদযাপনে নেইমার

আপডেট : ১২ মে ২০২৪, ০২:০১ পিএম

ম্যাচ জিতলেই লিগ শিরোপা নিশ্চিত। এমন সমীকরণকে সামনে রেখে শনিবার রাতে আল হিলাল খেলতে নেমেছিল আল হাজমের বিপক্ষে। হিলাল ৪-১ গোলে হারিয়েছে আল হাজেমকে। তিন ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত করেছে আল হিলাল। তাতে এবারও লিগ শিরোপা জেতা হলো না আল নাসরে খেলা ক্রিশ্চিয়ানো রোনালদোর।

মৌসুমের শুরুতে আল হিলালে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। দলটির হয়ে লিগে খেলেছেন তিনটি ম্যাচ। করেছেন তিনটি অ্যাসিস্ট। তবে ইনজুরির কারণে মৌসুমের বাকি সময়ে আর মাঠে নামা হয়নি নেইমারের। গেল অক্টোবর থেকেই মাঠের বাইরে তিনি। শনিবার দলের জয় দেখেছেন গ্যালারিতে বসে।

ম্যাচের পর শিরোপা জয়ের উৎসবে আল হিলালের জার্সি পরে মাঠে নেমেছিলেন নেইমারও। এ সময় নেইমারের কোলে ছিলেন তার মেয়ে।

ম্যাচে আল হিলালের হয়ে জোড়া গোল করেন আলেজান্দার মিত্রভিচ। এছাড়া একটি গোল করেন মিলানকোভিচ সাভিচ। অপর গোলটি হয় আত্মঘাতী।

৩২তম রাউন্ডের ম্যাচে আগামী শুক্রবার আল নাসরের মাঠে খেলতে যাবে আল হিলাল। ৮৯ পয়েন্টে শীর্ষে আল হিলাল, ৭৭ পয়েন্টে দুইয়ে আছে আল নাসর।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত