কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি ওষুধ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ মে) দুপুরে বাটিকামারা এলাকার মেসার্স শিপলু ফার্মেসীর মালিক মো. বাবুল হোসেনকে ভোক্তা অধিবার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। এছাড়াও জব্দ করা হয় ২২ এ্যম্পুল সরকারি ওষুধ।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি উপজেলা উপ - সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইউনুছের কাছ থেকে ৫০ পিচ ডাক প্লেগ ওষুধ প্রতি পিচ ৫০ টাকায় কিনেন ফার্মেসী মালিক বাবুল হোসেন। তিনি প্রতি পিচ সরকারি ওষুধ ১০০ টাকায় বিক্রি করে আসছিলেন। যা সম্পূর্ণ অবৈধ।
সরকারি ওষুধ বিক্রি ও মজুদ সম্পূর্ণ অপরাধ বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন। তিনি জানান, আজই ডাক প্লেগ ওষুধ শেষ হয়েছে। অবৈধভাবে ওষুধ বিক্রির সঙ্গে তার কার্যালয়ের কেউ জড়িত থাকলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, সরকারি ওষুধ বিক্রি ও মজুদের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ওষুধ গুলো জব্দ করে ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।
