টি-টোয়েন্টি বিশ্বকাপে গায়ানায় দ্বিতীয় সেমিতে খেলবে ভারত

আপডেট : ১৫ মে ২০২৪, ১২:৫৬ পিএম

ক্রিকেটের বৈশ্বিক প্রতিযোগিতাগুলোয় বৃষ্টি বা অনাকাঙ্খিত কিছুর সম্ভাবনার কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচগুলোতে রাখা হয় রিজার্ভ ডে বা অতিরিক্ত দিন। ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য অতিরিক্ত দিন রয়েছে। তবে দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও অতিরিক্ত দিন রাখেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী প্রথম সেমিফাইনাল হওয়ার কথা ২৬ জুন ওয়েস্ট ইন্ডিজের সময় অনুযায়ী রাত ৮:৩০টা এবং বাংলাদেশ সময় ২৭ জুন সকাল ৬:৩০টায়। ত্রিনিদাদে হতে যাওয়া ওই ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের সময় অনুযায়ী ২৭ জুন সকাল ১০.৩০ মিনিটে যা বাংলাদেশ সময়ে দাঁড়ায় রাত ৮:৩০টায়। এশিয়ায় টিভি সম্প্রচারের সুবিধার জন্য ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে এই সেমিফাইনালটি। এই ম্যাচের জন্য রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। তবে আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচের জন্য অতিরিক্ত ৪ ঘণ্টা ১০ মিনিট বরাদ্দ রেখেছে।

বৃষ্টির জন্য খেলা শুরুর সময় পিছিয়ে যেতে পারে বা ওভার সংখ্যা কমানো হতে পারে। কিন্তু পরের দিন খেলা আয়োজনের কোনও ব্যবস্থা নেই। এই ম্যাচ হবে গায়ানায়। তবে কেন এমন ব্যবস্থা?

আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের ফাইনাল হবে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ৮টায়। দ্বিতীয় সেমি ও ফাইনালের মাঝে সময়ের পার্থক্য মাত্র একদিন হওয়ায় রিজার্ভ ডে রাখা সম্ভব হয়ে ওঠেনি। কেননা ফাইনালে ওঠা দুই দলকেই ওই সময়ের মাঝে সফর করে যেতে হবে ব্রিজটাউনে। তাই অদ্ভুত হলেও এবারের বিশ্বকাপ আসরে দ্বিতীয় সেমিফাইনালে থাকছে না কোনো রিজার্ভ ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত