মার্কিন যুক্তরাষ্ট্রে বেসবল যতটা জনপ্রিয়, ক্রিকেট তার সিকিভাগও নয়। তাই তো বাংলাদেশের নারী দলের ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলতে নেমে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ক্রিকেট ব্যাট ধরেছেন বেসবল ব্যাটের মত করেই!
বুধবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশের নারী ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে ক্রিকেটের পাঠ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
পড়ন্ত বিকেলে ক্রিকেট খেলায় মেতে ওঠার পর ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে জানান শুভকামনা। ‘নারী জাতীয় দলের সঙ্গে ক্রিকেট খেলে আমি অনেক খুশি। বাংলাদেশ ক্রিকেট-পাগল জাতি। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি, দারুণ খুশি। বাংলাদেশ উইমেন্স নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশকে দেখে আমি খুবই রোমাঞ্চিত।’
এরপর সাবেক নারী ক্রিকেটার ও বর্তমান আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা সাথিরা জাকির জেসির প্রশংসা করে ডোনাল্ড লু আরও বলেছেন, ‘আমি ধন্যবাদ জানাই আজকের ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা সাথিরা জাকির জেসিকে। তিনি বাংলাদেশের লিজেন্ড, পুরো বিশ্বের লিজেন্ড। ধন্যবাদ সবাইকে, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।’
এদিকে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা বলেছেন, ‘খুব উপভোগ করেছি, তারা তো পেশাদার ক্রিকেটার নয়। ওনাদের আগ্রহ দেখে খুব ভালো লেগেছে। ক্রিকেটের বিষয়ে অনেক প্রশ্ন করেছিলেন। দেখে মনে হয়েছে ওনারা রোমাঞ্চিত। ওদের দেশে বিশ্বকাপ, ওগুলো নিয়ে অনেক কথা হলো। ’
