ব্রিটেনে পাউন্ডের বিপরীতে আবারও টাকার দরপতন ঘটছে। বৃহস্পতিবার সকাল থেকে ১ পাউন্ডের বিপরীতে বাংলাদেশি টাকায় ১৫০ টাকা মিলছে। এর আগে গত নভেম্বর মাসে ইতিহাসের প্রথম বার সব রেকর্ড ছাড়িয়ে পাউন্ডের বিপরীতে টাকার মানের সর্বোচ্চ দরপতন ঘটেছিল। তখন ১ পাউন্ডের বিপরীতে ১৫৭ টাকা পাওয়া যাচ্ছিল। এরপর দরপতন কিছুটা কমে আসলেও বর্তমানে ফের তা উর্ধ্বমুখী।
ব্রিটেনের বেশ কয়েকটি মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে টাকার বিপরীতে পাউন্ডের মূল্য ছিল ১৫০ টাকা। বৃহস্পতিবার সকালে আগের দিনের চেয়ে আরও ১ টাকা বেড়ে ১৫০ টাকা মূল্যে লেনদেন শুরু হয়। পাউন্ডের বিপরীতে টাকার রেকর্ড পরিমাণ বিনিময় হার নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় বাংলাদেশি কমিউনিটিতে।
এ বিষয়ে লন্ডনের মানি ট্রান্সফার প্রতিষ্ঠান পিবিএল সার্ভিসেস লিমিটেডের সত্ত্বাধিকারী মাহবুবুর রহমান শিবলু বলেন, পাউন্ডের বিপরীতে টাকার মূল্য বাড়ায় কমিউনিটিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ১৫০ টাকা রেটের পরও সরকার আরও প্রনোদনা দিচ্ছে। তবে টাকার মূল্যমান পাউন্ডের বিপরীতে এত কমে যাওয়া বাংলাদেশের অর্থনীতির দৈন্যদশার চিত্র, যা বাংলাদেশি হিসেবে আমাদের জন্য উদ্বেগজনক।