২৫৪ রানের বিশাল জয়ে লিগ শুরু মোহামেডানের

আপডেট : ১৭ মে ২০২৪, ০৫:২৫ পিএম

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের নবাগত দল জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব। সেই দলটি নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আর শক্তিশালি দলের বিপক্ষে খেলতে নেমে হয়েছে নাস্তানাবুদ। ২৫৪ রানের বিশাল জয় দিয়ে লিগে শুভ সূচনা মতিঝিল পাড়ার ক্লাবটির। আর হারে শুরু জাবিদ আহসানের।

বিকেএসপির ১ নম্বর মাঠে আজ টসে জিতে আগে ব্যাট করতে নামেন মোহামেডান অধিনায়ক সালমা খাতুন। জেসিয়া আক্তারের বিধ্বংসী সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩০৫ রান করে মোহামেডান।

৩০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৫১ রানেই গুটিয়ে যায় জাবিদ আহসান। বাঁহাতি স্পিনার সাবিকুন নাহারের ঘূর্ণিতে কাবু হয়ে যায় দলটি। ৩ ওভার বল ঘুরিয়ে মাত্র ৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। সালমা খাতুন দুটি ও ফাতেমা জাহান সোনিয়া এবং রুমানা আহমেদ নিয়েছেন একটি করে উইকেট।

জাবিদ আহসানের হয়ে মুর্শিদা নাজনীন সর্বোচ্চ ১৭ রান করেন।

বিকেএসপির ৩ নম্বর মাঠে আরেক নবাগত আনসার অ্যান্ড ভিডিপিকে ৮ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে রূপালি ব্যাংক ক্রীড়া পরিষদ। আনসারের দেওয়া ২১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে তা রূপালি ব্যাংক পাড়ি দেয় ২১ বল হাতে রেখেই। ফারজানা হক পিংকি সর্বোচ্চ ৯৪ রান করে অপরাজিত থাকেন। লতা মন্ডল দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন।

এছাড়া বিকেএসপির ৪ নম্বর মাঠে দিনের অপর ম্যাচে সিটি ক্লাবকে ৬৫ রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। আগে ব্যাট করে কলাবাগান ১৮৮ রান করেছিল। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করে ফাতেমা তুজ জোহরা। সিটি ক্লাবের হয়ে ফেরদৌসি সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন।

১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২৩ রানেই গুটিয়ে যায় সিটি। মাহরুন নেসা জয়া সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন কলাবাগানের হয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত