‘এতদিন বোর্ড আমাকে সুযোগ দিয়েছে, সময় এখন দেশকে কিছু দেওয়ার’

আপডেট : ১৮ মে ২০২৪, ০৩:০৫ পিএম

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী জুন মাসজুড়ে চলবে এবারের আসরটি। বিশ্বকাপের নবম আসরে নিজেদের সেরা সাফল্যের খুঁজে ইতোমধ্যে বাংলাদেশ পাড়ি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নিজেদের প্রস্তুত করতে সেখানে স্বাগতিকদের বিপক্ষে খেলবে তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সেই সিরিজ শুরুর আগে বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজে আয়োজিত ‘দ্য রেড এন্ড গ্রিন’ নামক একটি প্রোগ্রামে কথা বলেছেন দেশের স্পিডস্টার তাসকিন আহমেদ।

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ৬৪ উইকেটের মালিক তাসকিন বলেন, ‘আমি আগের চেয়ে উন্নতি করেছি, অভিজ্ঞ হয়েছি। এত বছর খেলে আমি যদি উন্নতি না করি তবে আমি আমার দেশের সঙ্গে ক্রাম করছি। এত বছর ক্রিকেট বোর্ড আমাকে টেনেছে, খেলিয়েছে, সুযোগ দিয়েছে, এখন আমার সময় এসেছে পরবর্তী কয়েক বছর দেশকে ভালো কিছু দেওয়ার।’

এদিন তাসকিন স্মৃতিচারণ করলেন ২০১৯ বিশ্বকাপে তার বেদনা পাওয়াকে ঘিরেও।  তিনি বলেন, ‘এবার যখন দল দিতে আমার জন্য অপেক্ষা করা হয়েছিল তখন মনে পড়ছে যে ২০১৯ বিশ্বকাপে মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গিয়েছিলাম। তারপর আরেকটা বিশ্বকাপের দল আমার জন্য পিছিয়েছে বোর্ড। এটা আসলে খেলোয়াড় হিসেবে আমার জন্য গর্বের মূহুর্ত। আমি চেষ্টা করব এই সম্মানটাকে মূল্য দেয়ার।’

তাসকিন আরও যোগ করেন, ‘দেশের জন্য খেলা এটা আসলে ব্যাখা করা কঠিন আমার জন্য। আমি যখন টিমের বাহিরে ছিলাম আড়াই তিন বছর, তখন উপলব্ধি করেছি যে বাংলাদেশ দলে খেলার মতো শান্তি আর কিছুতে নেই।’

১০ বছর জাতীয় দলে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার বড় কিছু করার সময় এসেছে বলছেন বাংলাদেশের নতুন অধিনায়কের। বাংলাদেশের সুপার এইটে যাবার পথটা বেশ কঠিন। তবে পথ দুর্গম হলেও লক্ষ্য অর্জন করা সম্ভব বলছেন তাসকিন।

তিনি বলেন, ‘খুব বিশ্বাস করি আমাদের দল অবশ্যই সেকেন্ড রাউন্ডে যাবে। যদিও প্রথম দুইটা ম্যাচই বড় ম্যাচ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টি-টোয়েন্টি খুবই অনিশ্চয়তার খেলা। যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে যেকোনো সময়। নেদারল্যান্ডস-নেপালকে হালকাভাবে নেয়ার কিছু নাই। টি-টোয়েন্টিতে যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে। অবশ্যই আমরা যাবো সেকেন্ড রাউন্ডে।’

পেস আক্রমণে তাসকিনের সঙ্গে জুটি বাধবেন কাটার মাস্টার। শুধু নিজের নয়, মুস্তাফিজের কাছ থেকেও উইকেটের প্রত্যাশা করছেন। এদিন রসিকতায় মাততেও ভুলেননি তিনি। তাসকিন বলেন, 'আমি তো চাই মুস্তাফিজ ও আমার দুজনেরই উইকেট অনেক বেড়ে যাক। কিন্তু কেউ যেন কাউকে ছাড়াতে না পারি। তাহলে দুজনেরই উইকেট বাড়বে। দলও উপকৃত হবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত