‘কানাডিয়ান কুমারের’ তকমা ঘুচেছে অক্ষয় কুমারের। গেল বছরে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন এই তারকা। আর সঙ্গে সঙ্গেই পঞ্চম দফায় জীবনের প্রথম ভোট দিলেন অভিনেতা। খুব সকালে ঘুম থেকে উঠেই একেবারে খাকি পোশাকে বুথে পৌঁছে গিয়েছিলেন অক্ষয়। শুধু তাই নয়, একেবারে আমজনতার মতোই পাঁচ-ছয়শো লোকের ভিড়ে বুথে লাইন দিয়ে ভোট দিতে দেখা গেল খিলাড়ি কুমারকে। আজ শাহরুখ খান, সালমান খানদের মতো অনেক তারকারাই অংশ নেবেন নির্বাচনী প্রক্রিয়ায়। আর সেখানে সকাল সাড়ে ৬টা বাজতেই বুথে চলে গিয়েছেন অক্ষয় কুমার। ভোট দিয়ে বেরিয়েই তার মুখে ভারতের উন্নতির কথা।
অভিনেতা বললেন, ‘আমি চাই আমার ভারতের আরও উন্নতি হোক। দেশ আরও পোক্ত হোক সবদিক থেকে। আর সেটা মাথায় রেখেই আমি ভোট দিয়েছি। জনতা যাকে সঠিক মনে করবে, তাকেই ভোট দিক। আমার মনে হয়, এবার বহু সংখ্যক ভোটার বুথে আসছেন। আমি যখন সকালে এলাম, তখন সদ্য পোলিং বুথ খুলেছে। আর তখনই দেখলাম প্রায় ৫০০-৬০০ লোকের ভিড়।’ এদিকে বেলা বাড়তেই বুথে দেখা গেল অনিল কাপুর, অনুপম খের, ইমরান হাশমিদের। ভোট দিতে গিয়েছিলেন সালমান খানের বাবা-মাও। বুথে লাইন দিয়ে এত লোকের মধ্যে ভোট দিলেন, সাংবাদিকদের মুখে এমন প্রশ্ন শুনে অক্ষয় কুমারের রসিক জবাব, ‘তো আমার কী করণীয় ছিল, লাইন ভেঙে ঢুকে যেতাম ভেতরে?’ প্রথমবার ভারতের নাগরিকত্ব পেয়ে ভোট দেওয়ার কেমন অনুভূতি, প্রশ্নের উত্তরে খিলাড়ি জানালেন, ‘দারুণ, দারুণ একটা অভিজ্ঞতা’। পাশাপাশি ফটোশিকারিদের ক্যামেরার লেন্সের সামনে ভোটচিহ্নও দেখালেন অক্ষয় কুমার। এর আগে কানাডার নাগরিকত্ব ছিল অভিনেতার। বহু চেষ্টার পর গত বছর ভারতের নাগরিক হয়েছেন তিনি। অক্ষয়ের পাশাপাশি মুম্বাইতে সকালে ভোট দিতে দেখা গেল জাহ্নবী কাপুর, টাবু, ফারহান আখতারদেরও।
