হিউস্টনের গ্র্যান্ড পেইরি ক্রিকেট কমপ্লেক্স মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টপ অর্ডারদের ব্যর্থতার পর তাওহীদ হৃদয়ের ফিফটি ও মাহমুদউল্লাহ রিয়াদের প্রতিরোধগড়া ইনিংসের সুবাদে ১৫৩ রানের ভদ্রস্থ পুঁজি পেয়েছে বাংলাদেশ।
ঘরের মাঠে খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে হাসেনি লিটন দাসের ব্যাট। তাই শেষ দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছিলেন। তবুও তার ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। নির্বাচকরাও ছিলেন আশাবাদী। সে কারণেই বিশ্বকাপের দলে জায়গা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো অনভিজ্ঞ দলের সঙ্গে পেরে ওঠেননি তিনি। ২ রানে জীবন পাওয়ার পরও ১৫ বলে ১৪ রান করেই ফিরে যান এই ওপেনার।
লিটনের বিদায়ের পর টিকে থাকতে পারেননি সৌম্য সরকারও। ১২ বলে ২০ রান করে ফেরেন। স্টিভেন টেইলরের বলে সুইপ করে ছক্কা মারতে গিয়ে সীমানায় দাঁড়িয়ে থাকা নীতিশ কুমারের হাতে তুলে দেন ক্যাচ। শান্ত আর সাকিব দুেই অঙ্কের ঘরেই যেতে পারেননি। ৬৮ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে এর পর টানেন হৃদয়-রিয়াদ জুটি।
৪৭ বলে ৬৭ রান যোগ করেন দুজন। ২২ বলে ২ চার ও ১ ছক্কায় ৩১ রান করে থামেন রিয়াদ। তবে ফিফটি তুলে নেন হৃদয়। ইনিংসের শেষ বলে তিনি আউট হন ৫৮ রানে। ৪৭ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। তাতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৫৩ রান।
যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলর ২টি এবং সৌরভ নেত্রভালকার, আলি খান ও জেসি সিং ১টি করে উইকেট পান।
