মাদারীপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

আপডেট : ২৩ মে ২০২৪, ০৮:৪১ পিএম

মাদারীপুরের ডাসারের দক্ষিণ মাইজপাড়া এলাকায় পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ৩টার দিকে বাড়ির পাশে পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো গোলাম আজমের মেয়ে আফিয়া (৭) ও গোলাম ফারুকের মেয়ে মাসপিয়া (৮)।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আফিয়া পূর্ব মাইজপাড়া আনোয়ার নুরানী মাদরাসায় প্রথম শ্রেণিতে ও একই মাদরাসায় গোলাম ফারুকের মেয়ে মাসপিয়া দ্বিতীয় শ্রেণিতে পড়ে। আফিয়া ও মাসপিয়া দুজন বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে দুজনকে উদ্ধার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুম্মিতা রায় বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক সঙ্গে দুই শিশুর মারা যাওয়ার ঘটনাটি খুব মর্মান্তিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত