নান্দাইলে নলকূপ থেকে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস!

আপডেট : ২৩ মে ২০২৪, ০৯:২৪ পিএম

ময়মনসিংহের নান্দাইলে গভীর নলকূপ থেকে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস। উপজেলার মুশুল্লি ইউনিয়নের কিসমত রসুলপুর গ্রামে নলকূপের লাইনে আগুন দিলে গ্যাসের সন্ধান পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত সুনু মিয়ার দুই ছেলে শ্যামল ও পলাশ নিজেদের প্রয়োজনে তিন বছর আগে একটি গভীর নলকূপ বসান।

শ্যামল বলেন, ‘নলকূপ বসানোর পর থেকেই বুদবদ শব্দ হত। আমরা মনে করতাম নলকূপের কোনোদিক দিয়ে হয়তো পানি লিক করছে। সম্প্রতি নতুন ঘর নির্মাণ করার পর শব্দের মাত্রা বেশি হওয়ায় আমার বড় ভাই কৌতূহল বশত দেশলাই কাঠি দিয়ে আগুন দিলে সাথে সাথে আগুন জ্বলে ওঠে। এরপর একজন ৯৯৯-এ ফোন দিলে উপজেলা থেকে লোকজন আসে।’

স্থানীয় পল্লী চিকিৎসক খলিলুর রহমান বলেন, ‘আমাদের এলাকায় প্রাকৃতিক গ্যাস উঠছে এমন খবরে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। গ্যাস অনুসন্ধানের জন্য সরকারের উচ্চ মহলের দৃষ্টি কামনা করছি।’ 

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল জানান, ‘বিষয়টি আমাদের নজরে আছে। জনস্বাস্থ্য প্রকৌশলী ও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। আগামীকাল জেলা পর্যায় থেকে খনিজসম্পদ সংশ্লিষ্টদের নিয়ে আমরা সেখানে যাব।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত