পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। তবে উপকূলীয় এলাকায় এর কোনো প্রভাব লক্ষ্য করা না গেলেও প্রচণ্ড খড়তাপ ও তীব্র গরমে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
শুক্রবার (২৪ মে) আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, নিম্নচাপটি শুক্রবার সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, লঘুচাপটি আজ নিম্নচাপে পরিণত হয়েছে। উপকূলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ কুয়াকাটা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সমুদ্র কিছুটা উত্তাল হওয়ায় পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।
এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
চুরি করা ৪০ হাজার ডলার মিলল সেপটিক ট্যাংকে