‘দুইবার বেঁচে গেলেও তৃতীয়বারে রক্ষা পাননি এমপি আনার’

আপডেট : ২৫ মে ২০২৪, ০৮:২৪ পিএম

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে এর আগে দুবার খুনের পরিকল্পনা করা হয়েছিল। গত জাতীয় নির্বাচনের আগে এবং চলতি বছরের জানুয়ারিতে দেশে এ খুনের পরিকল্পনা করা হয়। দুইবারের পরিকল্পনায় ব্যর্থ হয়ে তৃতীয়বারের পরিকল্পনায় কলকাতায় তাকে খুন করা হয়। 

শনিবার (২৫ মে) রাজধানীর মিন্টো রোডের ডিবি পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। 

হারুন অর রশীদ বলেন, খুনিরা আনারকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে তার নগ্ন ছবি তুলতে চেয়েছিল। তারা তাকে জিম্মি করে হুন্ডির মাধ্যমে টাকা নিতে চেয়েছিল। দুই দিন পর হত্যার পরিকল্পনা ছিল। কিন্তু আনারের জ্ঞান না ফেরায় খুনিরা তার মরদেহ এমনভাবে টুকরো টুকরো করে, যাতে মানুষের দেহাবশেষ হিসেবে শনাক্ত করা কঠিন হয়।

ডিবি প্রধান বলেন, মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান (শাহীন মিয়া নামে পরিচিত) গত ১০ মে ঢাকায় ফিরে আসার পর হিটম্যান শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ পরিকল্পনাটি সম্পন্ন করে। এরপর খুনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংসদ সদস্যের মুঠোফোন নিয়ে বিভিন্ন স্থানে গিয়ে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত