বিএনপির চেয়ারপারসন কাউন্সিলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশের ক্ষমতা ব্যবহার করছে। পুলিশি ক্ষমতা ব্যবহার করে বেশি দিন টিকে থাকা যায় না।
রবিবার (২৬ মে) আহত ও কারা নির্যাতিত ২৯ নং ওয়ার্ড বিএনপি নেতা এনামুল হাসান হালিমের বাসভবনে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে। তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করে রাষ্ট্রক্ষমতায় টিকে আছে।
তিনি বলেন, এই আন্দোলন আজকের নয়, এই আন্দোলন শুরু হয়েছে তখন থেকে, যখন থেকে বেআইনিভাবে দুই দুইবার ভোট ব্যবস্থাকে ধ্বংস করে জোর করে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে। আমরা প্রতিবাদও করতে পারি না। যারাই প্রতিবাদ করে তাদের ওপর পুলিশি হামলা চালানো হয়।
সালাম বলেন, আমাদের প্রতিটি শান্তিপূর্ণ কর্মসূচিতে টিয়ারসেল নিক্ষেপ করেছে। রাবার বুলেট ছুড়েছে। অনেক নেতাকর্মীদেরকেবিনা পরোয়ানায় আটক করেছে। যে দেশে কোনো ঘটনার প্রতিবাদ করা যাবে না, সেই দেশে গণতন্ত্র থাকে কীভাবে?
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মূলত বিএনপিকে ভয় পায়। বিএনপি যেসব ক্ষেত্রে সফল হয়েছে, তারা সেখানে পারে না। এজন্য তারা ক্ষমতায় বসে নৈরাজ্য করছে, বিএনপিকে হঠাতে চাইছে। কিন্তু এদেশের মানুষের হৃদয় থেকে বিএনপি ও জিয়াউর রহমানকে সরিয়ে ফেলা যাবে না।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য হাজি শহিদুল ইসলাম বাবুলসহ চকবাজার থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
