আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ 

আপডেট : ২৯ মে ২০২৪, ১১:২০ এএম

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ বুধবার (২৯ মে)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। আজ ভোরে পিসকিপার্স রানের মধ্য দিয়ে শুরু হয় ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪’ এর আনুষ্ঠানিকতা।

আন্তর্জাতিক শান্তিরক্ষায় অংশগ্রহণকারী সকল সদস্যের সম্মানে উদযাপিত এ দিবসে বিশ্ব শান্তিরক্ষায় শাহাদাতবরণকারী ও আহত সদস্যগণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে শাহাদাতবরণকারী ও আহত শান্তিরক্ষী এবং পরিবারবর্গদের সম্মাননা প্রদান করবেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, তিন বাহিনী প্রধান এবং পুলিশ প্রধানসহ আরো অনেকে উপস্থিত থাকবেন।

বঙ্গবন্ধুর মানবতার কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারকে ধারণ করে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে; নামিবিয়া মিশনের মধ্য দিয়ে। বাংলাদেশ পুলিশের ২১ হাজার ৪৫৩ জন শান্তিরক্ষী বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে মিশন সম্পন্ন করেছেন। এর মধ্যে নারী শান্তিরক্ষী রয়েছেন এক হাজার ৮১০ জন। বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, মালি, সাইপ্রাস, সেন্ট্রাল আফ্রিকা, সাউথ সুদান ও লিবিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ১২০ জন নারী সদস্যসহ ৩৬৪ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন।’

২০০০ সাল থেকে বাংলাদেশ পুলিশের নারী পুলিশ কর্মকর্তাগণ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি করেছে। বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত