ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আজ বুধবার (২৯ মে) বুধবার উপজেলার জাটিয়া ইউনিয়নের ৪২ নম্বর ভোটকেন্দ্র ঘাগড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর মহিলা বুথে দুই ঘণ্টায় মাত্র তিনটি ভোট পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, ওই কেন্দ্রের ২ নম্বর মহিলা বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম। সেই সাথে উপজেলার আরও তিনটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।
সকাল দশটায় সরেজমিনে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, বাহিরে অনেক সরগরম। কিন্তু ভেতরে ফাঁকা। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত একটি বুথে দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র তিনটি। ভোটারদের চাপ না থাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মীরা অলস সময় পার করছেন। মাঝেমধ্যে দুই একজন ভোটার এলে তাদের ভোট কক্ষ দেখিয়ে দিচ্ছেন।
আব্দুল জলিল নামের এক ভোটার বলেন, গ্রামের মহিলারা রান্না-বান্না শেষ করে ভোট দিতে আসে তাই মহিলা ভোটার কম। পুরুষ ভোটারের উপস্থিতি একটু বেশি।
ওই কেন্দ্রের দ্বায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা মো. আবুল ফারুক বলেন, সকাল ৮টা থেকে১০ টা পর্যন্ত ঘণ্টায় ৩ হাজার ৮৫৭ ভোটের বিপরীতে ১৭৭টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট দশটি বুথে ভোটগ্রহণ চলছে। এই এলাকার মানুষ কৃষি কাজের ওপর নির্ভরশীল হওয়ায় লোকজন মাঠের করছেন। আর মহিলরা রান্না-বান্না শেষ করে দুপুরের দিকে আসলে চাপ বাড়তে পারে বলে জানান তিনি।
