রাজশাহীর বাঘা থেকে ১০টি দেশীয় ওয়ান শুটারগানসহ আব্দুর রশিদ ব্যাপারী (৩৬) নামের এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তার আব্দুর রশিদ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার বাসিন্দা।
বুধবার (২৯ মে) দিনগত ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আলাইপুর নাপিতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়।
বুধবার সকালে র্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাঘা উপজেলার আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বড় টিনের বাক্সের ভেতর কসটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, পেশায় প্রাইভেট গাড়ি চালক হলেও নিজ পেশার আড়ালে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে অস্ত্র-গুলি সংগ্রহ করে রাজশাহীসহ নিজ এলাকার অজ্ঞাত অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। এছাড়াও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় নিজ আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসাসহ অরাজকতা সৃষ্টির লক্ষ্যে নিজের দখলে রেখেছিল।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে বাঘা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
