জাতীয় স্কুল ক্রিকেটের শিরোপা জেতা দল কদমতলার পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নায়ক মোশারফ হোসাইন। তার দুর্দান্ত ইনিংসে পাহাড়সম সংগ্রহের পর বড় ব্যবধানে ফাইনালে তারা হারিয়েছে সরকারি কে.জি উচ্চ বিদ্যালয়কে।
কিন্তু ম্যাচ শেষে দলের সবাই যখন বিজয় উৎসব করছিল, তখন তিনি স্ট্রেচারে করে মাঠ ছেড়ে গেলেন। উদযাপনটা আর করতে পারলেন না তিনি।
পরে জানা গেছে, মাঠের মধ্যে হিট স্ট্রোক করায় স্ট্রেচারে করে নিয়ে যেতে হয়েছে। তাৎক্ষণিক তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানেই তিনি এখন চিকিৎসা নিচ্ছেন। ফিল্ডিংয়ের সময়ই তিনি কয়েকবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন বলে দলের সংশ্লিষ্টরা জানান।
এদিকে শিরোপা জেতা কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, মোশারফের চিকিৎসার যাবতীয় সব খরচ তারা বহন করবেন।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ ফাইনালে আগে ব্যাট করতে নেমে ১১৫ বলে ১৪৮ রান করেন তিনি। জিতেছেন ফাইনাল সেরার পুরস্কারও।
মোশারফের সেঞ্চুরির পর হোসাইনের হ্যাটট্রিক, শিরোপা কদমতলার