ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীর চার সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা নির্বাচনী আচরণবিধি না মেনে পোস্টারে পলিথিনের আবরণ, প্লাস্টিক ব্যানার ব্যবহার ও দুপুর ২টার আগে মাইকিং করে।
শনিবার (১ জুন) দুপুরে উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দায়িত্ব থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এই জরিমানা প্রদান করেন।
জরিমানা দেওয়া ব্যক্তিরা হলেন - চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী (ঘোড়া) ও চেয়ারম্যান প্রার্থী আল জাবেরের (আনারস) প্রতীকের চার সমর্থক।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজয়নগর উপজেলা নির্বাচনের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬”-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে দুই প্রার্থীর সমর্থকদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
