জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় কৃষক সামসুল হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
সোমবার (৩ জুন) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো নূরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বত পুর গ্রামের হাফেজ উদ্দীনের ছেলে ছাবদুল, ছাবদুলের স্ত্রী ফাতেমা বেগম, ছেলে হেলাল, আলম হোসেন, ইদ্রিস আলী, রেজাউল ইসলাম, আলম হোসেনের স্ত্রী ফারজানা বেগম, হেলাল হোসেনের স্ত্রী লিলিফা বেগম, আমেজ উদ্দীনের ছেলে হেলাল উদ্দীন ও জিয়াউল হকের স্ত্রী ফুত্তি বেগম।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মহব্বত পুর গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে মিলন হোসেন ও বছির উদ্দীনের ছেলে আব্দুল হামিদকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩১ অক্টোবর দুপুরে মকবুল ইসলাম তার ছেলে সামছুল ইসলাম ও আলাউদ্দিনকে নিয়ে আলু লাগানো জমি প্রস্তুত করতে যায়। এ সময় অভিযুক্তরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাসুয়া, দা, কোদাল, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর আক্রমণ করে। এতে সামছুল ইসলাম গুরুতর আহত হলে তাকে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।
পরে নিহতের স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে ১১ নভেম্বর ক্ষেতলাল থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে আদালত এ রায় দেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন খাজা শামছুল আলম বুলবুল ও আসামিপক্ষে আইনজীবী ছিলেন আহসান হাবিব চপল।
