আফতাবনগর পশুর হাটের পুনঃইজারা প্রত্যাহার কতরতে নোটিশ 

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৪:৫০ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশের পরেও পুন:ইজারার বিজ্ঞপ্তি দেওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

বুধবার (৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশ্যে এ নোটিশ দেন। এতে ২৪ ঘণ্টার মধ্যে ইজারা বিজ্ঞপ্তি বাতিল করার অনুরোধ জানিয়ে আইনজীবী বলেন, ব্যত্যয় হলে আদালত অবমাননার অভিযোগ আনা হবে।  

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ৪ এপ্রিল (ডিএসসিসি) পক্ষে কোরবানি পশুর হাটের ইজারার বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে ১১টি পশুর হাটের মধ্যে আফতাবনগর একটি। তবে, আফতাবনগর আবাসিক এলাকা হওয়ায় সেখানে পশুর হাটের ইজারার বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করে আফতাব নগর জহুরুল ইসলাম সিটি সোসাইটি। গত ৮ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আফতাবনগরে পশুর হাটের ইজারার ওপর স্থগিতাদেশ দেয়। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ইজারাদার নুরুল হক। 

গত সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগ তার আবেদনটি খারিজ করে হাইকোর্টের আদেশটি বহাল রাখে। ফলে, সেখানে পশুরহাট বসানো যাবে না বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। 

নোটিশকারী আইনজীবী ইউনূস আলী আকন্দ দেশ রূপান্তরকে বলেন, আপিল বিভাগের আদেশের পরেও ৩১ মে ডিএসসিসি পুনরায় ইজারার বিজ্ঞপ্তি দিয়েছে। এজন্য ২৪ ঘণ্টার সময় দিয়ে বিজ্ঞপ্তিটি বাতিল বা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আদালত অবমাননার অভিযোগ আনা হবে। 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত