সুইজারল্যান্ডে ইউক্রেন সংক্রান্ত শান্তি সম্মেলনে যোগ না দিলেও ফ্রান্স ও ইতালিতে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের অনুপস্থিতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনন্দের কারণ হবে বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
আগামী ১৫ ও ১৬ জুনের সম্মেলনে প্রায় ১৬০টি দেশ ও প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানা গেছে। তবে এই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ না জানানোয় চীন তা বর্জন করে অন্য দেশের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি। ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গও চীনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
এ অবস্থায় জেলেনস্কির ক্ষোভ কমাতে পর পর দুইবার তার সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেছেন বাইডেন। চলতি সপ্তাহে ফ্রান্সের নর্মান্ডিতে এবং তারপর ইতালির বারি শহরে জি-সেভেন শীর্ষ সম্মেলনে তিনি রাশিয়ার হামলা মোকাবিলায় জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন।
জুনের মাঝামাঝি সুইজারল্যান্ডে সম্মেলন চলাকালীন নিজের নির্বাচনী অভিযানের জন্য অর্থ সংগ্রহ করতে হলিউডের তারকাদের সঙ্গে ব্যস্ত থাকবেন বাইডেন। তবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভেনও সেখানে উপস্থিত থাকবেন।
ইউক্রেনের জন্য পশ্চিমা বিশ্বের আরো সহায়তা নিশ্চিত করতে উদ্যোগ চালিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। জি-সেভেন শীর্ষ সম্মেলনে আটক রাশিয়ার তহবিল কাজে লাগিয়ে ইউক্রেনের জন্য আর্থিক সহায়তার বিষয়ে অগ্রগতির আশা করা হচ্ছে। খবর ডয়চে ভেলের।
এদিকে নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের সূত্র অনুযায়ী, বাইডেনের ছাড়পত্রের পর ইউক্রেন রাশিয়া সীমান্তের কাছে মার্কিন অস্ত্র প্রয়োগ করে আঘাত হেনেছে। ইউক্রেনীয় সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির উপ-সভাপতি ইয়েহর চেরনেভকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি দাবি করেছে, সীমান্ত থেকে প্রায় ২০ মাইল দূরে বেলগোরোদ অঞ্চলে রাশিয়ার মিসাইল লঞ্চারের ওপর আঘাত হানতে মার্কিন হাইমার্স আর্টিলারি রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে।
এই প্রথম ইউক্রেনের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা এমন হামলার কথা প্রকাশ্যে স্বীকার করলেন। যদিও রাশিয়া বার বার পশ্চিমা অস্ত্র দিয়ে তাদের ভূখণ্ডে হামলার বিষয়ে সতর্ক করেছে৷ কিন্তু যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ বেশ কিছু পশ্চিমা দেশ নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ইউক্রেনকে ছাড়পত্র দিয়ে মস্কোর হুঁশিয়ারি উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।
২০০০ হাজার মানুষের উদ্ধারকাজ বন্ধ করে ‘গণকবর’ ঘোষণা
রাহুল গান্ধীর নতুন উত্থান নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা
মেট্রোরেলে সমুচা খেয়ে সিটের নিচে উচ্ছিষ্ট ফেললেন নারী