ডালাসে আজ ‘পাকিস্তান-ভারত’ দ্বৈরথ

আপডেট : ০৬ জুন ২০২৪, ০২:০৪ এএম

বিশ্বকাপের সূচি বলছে, বৃহস্পতিবার ডালাসে পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। কিন্তু স্বাগতিকদের খেলোয়াড় তালিকা বলছে, আদতে লড়াইটা পাকিস্তান-ভারত দ্বৈরথেরই ভিন্ন মোড়কে পরিবেশনা। মার্কিনিদের অধিনায়ক মোনাক প্যাটেল জন্মেছেন গুজরাটে, দল জুড়ে সব সিং আর কুমারদের ছড়াছড়ি। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলার সময় উইকেট রক্ষক মোনাক বেশিরভাগ সময়ই ফিল্ডারদের নির্দেশনা দিয়েছেন হিন্দি ভাষায়, যেটা স্পষ্ট শোনা গেছে স্টাম্প মাইকেও। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলে কি মার্কিনি সত্তার বদলে ভারতীয় সত্তাটাই বেরিয়ে আসবে দলটির বেশিরভাগ ক্রিকেটারের!

ডালাসের যখন মার্কিনিরা কানাডার বিপক্ষে ৫টি আর বাংলাদেশের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি খেলছে, পাকিস্তান দল তখন ইংল্যান্ডে। বৃষ্টির সঙ্গে লুকোচুরি খেলে ৪ ম্যাচের মাত্র দুটো শেষ হয় দুই দলের সিরিজের, দুই দলই জেতে একটি করে ম্যাচ। তাতে প্রস্তুতি কতটা হয়েছে সেটা বলাই বাহুল্য, তাই তো বাংলাদেশ দল হোটেলে বিশ্রামে কাটালেও পাকিস্তান দল মাস্টাং ক্রিকেট একাডেমিতে অনুশীলনে ব্যস্ত হয়ে গেছে প্রথম থেকেই। কারণ যুক্তরাষ্ট্র ম্যাচটা তো আসলে মহড়া, মূল লড়াই তো নিউ ইয়র্কে। ভারতের বিপক্ষে। গোটা পৃথিবী এক দিকে আর পাক-ভারত ম্যাচ যে আরেক দিকে!

প্রথম আসরে একটুর জন্য শিরোপা হাতছাড়া করে দ্বিতীয় আসরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা পাকিস্তান শেষ পর্যন্ত যাওয়ার জন্যই প্রস্তুত। তাই যুক্তরাষ্ট্রের মতো প্রায় অপেশাদার ক্রিকেটারদের নিয়ে গড়া দল খুব একটা চাপে ফেলতে পারার কথা নয়। তবে টি-টোয়েন্টি সংস্করণের চূড়ান্ত সৌন্দর্য যে অনিশ্চয়তা, তার পুরোটাই পাকিস্তান দল ধারণ করে বলেই কিছুটা সম্ভাবনা থাকবে যুক্তরাষ্ট্রেরও। আর স্টার স্প্যাঙ্গলড ব্যানার ছাপিয়ে যদি ভেতরের তেরঙ্গা সত্তাটা বেরিয়ে আসে, তাহলে হয়তো জন্ম হবে বিরাট কোনো অঘটনের!

লক্ষ্য জানতে চাইলে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমার লক্ষ্য বিশ্বকাপ জেতা। ব্যক্তিগত লক্ষ্য আসলে কোনো বিষয় নয়। দল কী চায়, সেটাই বড়। দল আমার কাছে কী চায়, আমি তাতে মনোযোগ দিই, ব্যক্তিগত লক্ষ্যে নয়। মাঠ থেকে হোটেলের দূরত্ব, সুবিধা নিয়ে আমরা ভাবতে চাই না, ওটা বোর্ডের দায়িত্ব। আমরা এমন কন্ডিশনে আগে খেলেছি। একমাত্র চাপ হচ্ছে এখন একটা ম্যাচের টিকিট নিয়ে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত