অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বের ফিরতি লেগে স্বাগতিক বাংলাদেশের একাদশে জায়গা পাননি অধিনায়ক জামাল ভুঁইয়া। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৪টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচে স্বাগতিকরা রক্ষণ জমাট করে মাঠে নামবে। পাঁচ ডিফেন্ডারের দায়িত্ব থাকবে ফিফা র্যাংকিংয়ে ১৬০ ধাপ এগিয়ে থাকা সকারুদের রুখে দেওয়ার।
হাভিয়ের কাবরেরা ৫-৩-২ ফরম্যাটে সাঁজিয়েছেন আজকের একাদশ। সেন্টার ব্যাক পজিশনে তপু বর্মণের সঙ্গে ফিরছেন তারিক কাজী রায়হান। এছাড়া মোহামেডানের মেহেদী হাসানকেও রাখা হয়েছে একাদশে। দুই ব্যাক সামলাতে থাকবেন সাদউদ্দিন ও ইশা ফয়সাল। মাঝমাঠে দুই সোহেল রানার সঙ্গে থাকবেন মোহাম্মদ হৃদয়। আর ঘর সামলে প্রতি আক্রমণের দায়িত্বে রাকিব হোসেনের সঙ্গে থাকবেন শেখ মোরসালিন। তেকাঠীর দায়িত্বে থাকবেন মিতুল মারমা। জামালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিবেন অভিজ্ঞ তপু বর্মণ।
গত নভেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে গুণে গুণে সাত গোল হজম করতে হয়েছিল বাংলাদেশকে। কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করতে হয় ম্যাচের চতুর্থ মিনিটে। শুরুতেই গোলের খোলা দরজা শতচেষ্টায়ও আর বন্ধ করতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধে চার ও পরের অর্ধ্বে হজম করতে হয় তিন গোল। সেই শিক্ষা থেকেই ঘরের মাঠে রক্ষণ জমাট রাখার পরিকল্পনা বাংলাদেশ কোচের। এমনিতেই কার্ডের কারণে খেলতে পারছেন না ডিফেন্সে দলের অন্যতম নির্ভরতা বিশ্বনাথ ঘোষ। তাই কোন ঝুকি না নিয়ে পাঁচ ডিফেন্ডার নেওয়ার সিদ্ধান্ত কোচের।
এদিকে গত বছর মার্চে সিলেটে সিশেলসের বিপক্ষে দুই ম্যাচ প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছিলেন জামাল ভুঁইয়া। পরের সব ম্যাচেই শুরু থেকে খেলেছেন এই মিডফিল্ডার। বুধবারই সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলিয়াকে চমকে দেওয়ার কথা বলেছিলেন তিনি। তবে আজ শুরুর একাদশে তার উপর আস্থা রাখেননি কোচ।
জামালের এই বাদ পড়ার সঙ্গে চাইলে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের একাদশ থেকে বাদ পড়াটা মিলিয়ে দিতে পারেন। গত ৩ জুন চীনা তাইপের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে ছিলেন না বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসের সেরা স্ট্রাইকার। অভিষেকের ১৪ বছর পর এমন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। তবে বদলী হিসেবে মাঠে নেমেছিলেন সাবিনা। আজ জামালের বদলী হিসেবে নামার সুযোগ হবে কীনা সেটা সময়ই বলে দিবে।
বাংলাদেশের শুরুর একাদশ
মিতুল মারমা (গোলকিপার), তপু বর্মণ (অধিনায়ক), তারিক কাজী রায়হান, মেহেদী হাসান, সাদউদ্দিন, ইশা ফয়সাল, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।
