হেরে সব দোষ বোলারদের ঘাড়ে চাপালেন বাবর

আপডেট : ০৭ জুন ২০২৪, ১০:০০ এএম

জয়ের জন্য যুক্তরাষ্ট্রের শেষ বলে প্রয়োজন ৫ রান। হারিস রউফের ফুল টস ডেলিভারি মিড অফ ফিল্ডারের মাথার ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠালেন নিতিশ কুমার। তাতে স্কোর হয় টাই, খেলা গড়ায় সুপার ওভারে। হতবিহ্বল হয়ে পিচের পাশেই পড়ে রইলেন হারিস রউফ। তার দিকে অগ্নিদৃষ্টিতে একটানা কিছু বলতে থাকলেন বাবর আজম। 

পরে সুপার ওভারে যুক্তরাষ্ট্রকে থামাতে পারলেন না মোহাম্মদ আমির। ম্যাচ হেরে বোলারদের ওপরই পুরো দায় চাপালেন বাবর।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার স্মরণীয় এক জয় পায় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের বিপক্ষে মূল ম্যাচ টাই করার পর সুপার ওভারে তারা ফল আনে নিজেদের পক্ষে। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে তাই বোলারদেরই দুষলেন পাকিস্তান অধিনায়ক, 'দিনের প্রথম ৬ ওভারে উইকেট থেকে সাহায্য পেয়েছে বোলাররা। এরপর আমার মনে হয়নি এটি ভিন্ন উইকেট। কিছুটা ভালো হয়েছে। ম্যাচগুলো সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ায় ফাস্ট বোলাররা অবশ্য কিছুটা সাহায্য পাবে। সকালের দিকে পিচে কিছুটা আর্দ্রতা ছিল। তারা এটি কাজে লাগিয়েছে এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছে।'

বাবর যোগ করেন, 'এমনকি দ্বিতীয় ইনিংসে আমার মনে হয়েছে যে, আমরাও সাহায্য পেয়েছি। কিন্তু বোলিংয়ের দিক থেকে আমরা সঠিক মানে ছিলাম না। প্রথম দশ ওভারে আমাদের ঘাটতি ছিল। এরপর আমরা ঘুরে দাঁড়িয়েছি। কিন্তু এর আগেই তারা মোমেন্টাম পেয়ে যায়। তবে আমাদের যে মানের বোলার আছে, এই সংগ্রহ ডিফেন্ড করা উচিত ছিল। এই পিচে আমাদের বোলিংয়ের জন্য এটি জেতার মতো স্কোর ছিল।'

পাকিস্তান অধিনায়ক মনে করেন, নিজেদের মানের ধারেকাছেও বোলিং করতে পারেননি হারিস, আমিররা, 'আমরা বোলিংয়ে এর চেয়ে ভালো। প্রথম ছয় ওভারে আমরা উইকেট নিতে পারিনি। মাঝের ওভারে যদি আপনার স্পিনাররা উইকেট নিতে না পারে, তাহলে চাপটা চলে আসে। দশ ওভার পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। কিন্তু তারা যেভাবে সুপার ওভারে খেলাটি শেষ করেছে, কৃতিত্ব অবশ্যই যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে।' 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত