বাবর আজমের সঙ্গে ১৪ বছরের হিসাব চুকালেন ইঞ্জিনিয়ার

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৫:২৮ পিএম

পড়াশোনা করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে। কাজ করছেন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি ওরাকলে। সেখানে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার পদে কর্মরত আছেন এখনও। সেই প্রকৌশলী কাল বিশ্বকাপে খেলতে নেমেছিলেন যুক্তরাষ্ট্রের হয়ে। আর নেমেই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানকে। সুপার ওভারে তার বোলিংয়েই বিশ্বকাপের ইতিহাসে যোগ হলো আরও একটা অঘটনের গল্পের।

বলা হচ্ছিল সৌরভ নেত্রভালকারের কথা। কাল পাকিস্তানকে সুপার ওভারে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯ রানের টার্গেট দিয়ে তারা পাকিস্তানকে দিল ৫ রানের লজ্জার হার। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দেশটির জয়ের নায়ক ভারতীয় বংশোদ্ভুত এই পেসার।

যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ ২০১০ সালে ভারতের জার্সি গায়ে জড়িয়ে খেলেছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। সেই আসরে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। ভারতকে সেই হৃদয়বিদারক হারের স্বাদ দেওয়া পাকিস্তান অধিনায়ক ছিলেন বাবর আজম। সেদিন হৃদয় ভেঙেছিল সৌরভের। ১৪ বছর আগে ভারতের হয়ে পাওয়া সেই হারের বদলা যুক্তরাষ্ট্রের হয়ে নিলেন নেত্রভালকর।

২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেত্রভালকার

সেই ম্যাচে ভারতকে দুই উইকেটে হারিয়েছিল পাকিস্তানের যুবারা। ৫ ওভার বল করে ১ মেডেন সহ মাত্র ১৬ রান খরচায় সেদিন নেত্রভালকার পেয়েছিলেন ১ উইকেট। আর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে সুপার ওভারে নায়ক হওয়ার আগে মূল ম্যাচে ৪ ওভারে ১৮ রান খরচে নিয়েছেন দুই উইকেট।

সৌরভ নেত্রভালকরের জন্ম ভারতের মুম্বাইয়ে ১৯৯১ সালে। ২০১০ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন। মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। একমাত্র ম্যাচটি খেলেছিলেন কর্ণাটকের বিরুদ্ধে ২০১৩ সালে। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে ২০১৮ সালে জাতীয় দলে ডাক পান। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পেয়েছিলেন দেশটির ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব। ২০২২ সালে জিম্বাবুয়েতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ার ‘বি’ টুর্নামেন্টে তিনি সেরা বোলার হয়েছিলেন।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ঐতিহাসিক জয়ের নায়ক হয়েছেন। তবে আন্তর্জাতিক এই ক্রিকেটারে পরিচয় আছে আরেকটা। সেটা হচ্ছে তিনি ওরাকল-এ পূর্ণকালীন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত