জুটি বেঁধে দিয়া-রোমানের ব্রোঞ্জ 

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৬:৪০ পিএম

দুই হাত এক হয়েছে গত বছর ৫ জুলাই। এর মধ্যে আর আরচারির টার্গেটের সামনে জুটি বেঁধে দাঁড়ানো হয়নি তাদের। বাংলাদেশ আনসারের হয়ে বিকেএসপিতে তীর ১৫তম জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপে দাঁড়ালেন রিকার্ভ ইভেন্টের দুই আলোচিত আরচ্যার। তবে জিততে পারেননি স্বর্ণপদক। রিকার্ভ মিক্সড ইভেন্টে তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রোঞ্জপদকে। তবে মেয়েদের রিকার্ভ একক ইভেন্টে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন দিয়া। এ নিয়ে মেয়েদের রিকার্ভ সিঙ্গেল ইভেন্টে টানা তৃতীয়বার স্বর্ণপদক জিতলেন তিনি। 

মেয়েদের রিকার্ভ এককে ইভেন্টে আনসারের দিয়া শনিবার সেমিফাইনালের প্রতিপক্ষকে হারিয়েছিলেন সরাসরি ৬-০ সেটে। রবিবার ফাইনালে জ্যোতি রানী চাকমাকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সেরা হন। একক ইভেন্টে স্বর্ণ জিতলেও দলীয় দুই ইভেন্টে নারী দলগত ও মিশ্র দলগত রিকার্ভ কোনটিতেই ফাইনালে উঠতে পারেনি দিয়ার দল আনসার। মিশ্র বিভাগে রোমান সানার সঙ্গে জুটি গড়েছিলেন তিনি। তবে রোমান ও দিয়ার জুটি সেমিফাইনালে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ইতি খাতুন ও আজিমুল হকের কাছে হেরে যান ৬-০ সেট পয়েন্টে। ব্রোঞ্জের লড়াইয়ে অবশ্য বিকেএসপিকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছেন তারা। 

এককে সেরা হওয়ার প্রতিক্রিয়ায় দিয়া একটি সংবাদ মাধ্যমকে বলেন, 'এই ইভেন্টে আমার টানা তিনবার স্বর্ণ আসল। বিউটি দি’র (বিউটি রায়) ছয় বার জেতার রেকর্ড আছে। সামনের বছরগুলোতে সেটা স্পর্শ করার লক্ষ্য রয়েছে।' স্বামীর সঙ্গে জুটি বেঁধে সফলতা না পাওয়া দিয়া দিয়েছেন হারের ব্যাখ্যা, 'ক্রীড়া সংস্থার নাম দেখে অন্য রকম মনে হলেও সেখানে ভালো খেলোয়াড়রাই খেলেছেন। পুলিশ আরচ্যারি দলে যারা সুযোগ পাননি তারা নড়াইলের হয়ে খেলেছেন। তারা ভালো মানের আরচ্যারই। আমাদের প্রত্যাশা ও আত্মবিশ্বাস ছিল স্বর্ণ জেতার। ব্রোঞ্জ জিতেছি এটাও একটা প্রাপ্তি।' 

দিয়ার ভাগ্যে একটি স্বর্ণপদক জুটলেও এবার রোমানকে সন্তুষ্ট থাকতে হচ্ছে তিনটি ব্রোঞ্জ পদক নিয়ে। তিনি যে কোন ইভেন্টেরই ফাইনালে উঠতে পারেননি। তবে অনেক চড়াউ-উৎরাই পার করে এবারেই জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলা রোমানের পারফরম্যান্সে দিয়া বেশ আশাবাদী, 'সে ভালোই খেলেছে। বিশেষ করে মিশ্র বিভাগে আমাকে অনেক সমর্থন করেছে। আমার চেয়ে তার স্কোর ভালো হয়েছে। আমি বরং মিশ্রতে সেভাবে স্কোর করতে পারিনি।'

রিকার্ভ নারী ও পুরুষ দলগত দু’টো ইভেন্টেই ব্রোঞ্জ জিতেছেন রোমান ও দিয়া। এই জাতীয় চ্যাম্পিয়নশিপে রোমান তিনটি ব্রোঞ্জ পদক আর দিয়া এক স্বর্ণের পাশাপাশি দু’টি ব্রোঞ্জ জিতেছেন। রোমান ও দিয়া দুই জনই বাংলাদেশ আনসারের হয়ে খেলেন। গত জাতীয় চ্যাম্পিয়নশিপে আনসার চ্যাম্পিয়ন হয়েছিল। এবার তাদের সেই অবস্থান ক্ষুন্ন হয়েছে। এ নিয়ে অবশ্য অতৃপ্তি রয়েছে দিয়ার, 'দলগত ইভেন্টে আমাদের আরো উন্নতি করতে হবে। আগামী চ্যাম্পিয়নশিপে আমরা শিরোপা পুনরুদ্ধারে সক্ষম হব ইনশাআল্লাহ।’

এবারের চ্যাম্পিয়নশিপে আনসারের আধিপত্য খর্ব করে ভালো ফল করেছে পুলিশ আরচ্যারি ক্লাব। পুরুষ একক ইভেন্টে ক্লাবটির আরচার হাকিম আহমেদ রুবেল সেরা হয়েছেন। ফাইনালে হারিয়েছেন আনসারের সাকিব মোল্লাকে। কম্পাউন্ড এককে আতিকুজ্জামান ও বন্যা আক্তারের মতো সেরাদের কাছে গেছে স্বর্ণপদক।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত